নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত শালিশে ইউনিয়ন পরিষদ সদস্য কাসেদ মোল্যাকে লাঞ্চিত এবং তার চাচাতো ভাই মানসুর মোল্যা (৪৫) শুনতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্যা (২০) থানায় আত্মসমর্পণ করেছেন।
সোমবার সকালে কালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত হাসিব মোল্যা। তিনি পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাসেদ মোল্যার সঙ্গে জমি-জমা সংক্রান্ত শালিশে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে লাঞ্ছিত করে। এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যায়।
এ সময় ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিব মোল্যা পলাতক ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, অভিযুক্ত হাসিব মোল্যা থানায় আত্মসমর্পণ করেছে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
