নড়াইল সংবাদদাতা
বিএনপি ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
রোববার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় চত্বরে একটি চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে নিপুণ রায় চৌধুরী লোহাগড়ার মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে জেলা ও উপজেলার শত শত নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। সমাবেশ শেষে তিনি নড়াইল জেলা শহরের উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।
