বেনাপোল সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন দিয়ে যাত্রীরা চলাচল করতে পারবেন না। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
একই সাথে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু করা হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ কারণে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো নির্বাচনের দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে বলে জানতে পেরেছি।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করতে পারবেন না।
তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে চলবে। অন্যান্য সময়ে বিভিন্ন প্রতিকূলতায় অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হতো। সেটা এবার হচ্ছে না। এবার পুরোপুরিভাবে বন্ধ থাকছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দিয়ে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে। এমন নির্দেশনার একটি চিঠি আমার দপ্তরে এসেছে।
এদিকে, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে আগামী তিন দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল সি অ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গেছেন। ফলে এই পথে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
