পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় দুর্বত্তরা পুলিশের এক উপ-পরিদর্শকের মা ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে।

শনিবার দিনগত গভীর রাতে উপজেলার লতার পুতুলখালীতে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারীর একমাত্র ছেলে পুলিশের এসআই চিন্ময় মন্ডল বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড সে রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শনিবার রাতে ভারতি মন্ডল বাড়িতে একাই ছিলেন। গভীর রাতে কে বা কারা তার মাথায় কুপিয়ে ও গলাকেটে হত্যা নিশ্চিত করে বাড়ি সংলগ্ন মৎস্য ঘেরে ফেলে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির কি পরিমাণ সহায়-সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

নিহতের ভাই সুকুমার মনি জানান, রোববার সকালে বোনের বাড়িতে এসে দেখি দরজা খোলা ঘরে জিনিসপত্র তছনছ করা। এরপর ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পাই বাড়ির কাছে ঘেরে বোনের লাশ ফেলানো।

এ ঘটনায় রোববার দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম) ও সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে বিকেলে লাশ উদ্ধার করে ওসি গোলাম কিবরিয়া বলেন, কে বা কারা ভিকটিমের মাথায় কুপিয়ে ও ধারালে অস্ত্রে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে রাখে।

এ ঘটনায় গভীর ভাবে তদন্তের কথা বলে তিনি আরো বলেন ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিস্কার হওয়া যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিল।

Share.
Exit mobile version