পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছার শিবসা ব্রিজের অপরপ্রান্তে সোলাদানা-লস্কর অভিমুখি খানা-খন্দে ভরা বেহাল দশা সড়ক সংস্কারের দাবি করছেন এলাকাবাসী। এ মুহূর্তে ব্রিজের নিচে থেকে মোটরস্ট্যাণ্ড মোড় সংলগ্ন প্রায় ২শ’৫০ মিটার ঝুঁকিপূর্ণ সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে সোলাদান, লস্কর, দেলুটি-লতার একাংশ ও গড়ইখালীসহ বিভিন্ন অঞ্চলের হাজারো মানুষ, ভ্যান-নছিমন, মোটরসাইকেল ও ইজিবাইকে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে খানা-খন্দে ভরা এ সড়ক দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

এলাকাবাসী বলছেন, এ সড়কটি যথেষ্ট ভালো ছিল কিন্তু  দীর্ঘদিন ধরে ভারি যানবাহনে লস্করের বাইনতলার ব্রিজের মালামাল পরিবহন করার ফলে সড়কটির এ স্থানে এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ও প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করা হলে সোমবার সংশ্লিষ্ট দপ্তরের উপজেলা প্রকৌশলী  শাফিন শোয়েব বলেন, এ রাস্তাটি  সড়ক ও জনপদ বিভাগের আওতাভুক্ত। তিনি সেলফোনে সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্মকর্তার সাথে কথা বলে জানান, ক্ষতিগ্রস্ত এ সড়কটি মেরামতের জন্য টেণ্ডারের অপেক্ষায়।

Share.
Exit mobile version