কোটচাঁদপুর সংবাদদাতা
বর্তমান জ্বালানি তেল সংকট মোকাবেলায় ঝিনাইদহের কোটচাঁদপুরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
এ সময় পাম্প মালিকদের উদ্দেশ্যে এমপি অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “তেল পাম্পগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব দেখতে চাই না। এটি একটি আন্তর্জাতিক সংকটের প্রভাব। তারপরও আপনারা যতটুকু তেল পাচ্ছেন, তা যেন কোটচাঁদপুরের মানুষ সমানভাবে পায় সেটি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সংকটকালে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তেল বিক্রি ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কৃত্রিম সংকট বা পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলেন, জ্বালানি তেল সরবরাহ ও বণ্টনে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) সায়েম, বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াত নেতা মুয়াবিয়া, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, কোটচাঁদপুরের তিনটি পেট্রোল পাম্প মালিক ও প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
