ঢাকা অফিস
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিএনপির এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনার পর থেকেই ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এদিকে, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগকে কেন্দ্র করে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়।
সাম্প্রতিক স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় তার নাম আলোচনায় আসার পর প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ এবং পরবর্তী সময়ে পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে বিষয়টির অবসান ঘটল।
