রেজাউল ইসলাম, কোটচাঁদপুর
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে যশোর সামাজিক বন বিভাগের অধীন কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষন কেন্দ্রে চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১ লাখ চারা রোপনের জন্য চারা প্রস্তুত করা হয়েছে।
বর্ষা মৌসুমে চারা রোপণ শুরু করা হবে বলে জানিয়েছে বন কর্মকর্তা শফিকুর রহমান। তিনি জানান, প্রতি বছর বৃক্ষরোপণ মৌসুমেই বৃক্ষরোপণ করেন তারা।
কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর ঘোষণার ফলে বৃক্ষরোপণ কর্মসূচি নবআঙ্গিকে ও নবউদ্যমে শুরুর প্রয়াস পাচ্ছেন।
ঝিনাইদহ জেলায় কোন সংরক্ষিত বনভূমি না থাকার ফলে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, সড়ক ও জনপথের রাস্তা, জেলা পরিষদের সড়ক, সরকারি খাস জমি ও ইউনিয়ন পরিষদের সড়কগুলো বৃক্ষ রোপণের জন্য প্রাধান্য পাচ্ছে। এ সকল সড়কে গাছ লাগাতে গেলে বনবিভাগকে বেশ ঝামেলা পোহাতে হয়।
স্থানীয়রা ও পার্শ্ব জমির মালিকগণ গাছ লাগাতে দিতে চাননা। কিন্তু এ বছর ওই ধরনের কোন সমস্যা হবেনা বলে মনে করেন ওই কর্মকর্তা।
পবিবেশের সুরক্ষায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাস্তাগুলিতে বৃক্ষরোপণের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, শ্মশানের মত খালি জায়গায় বৃক্ষরোপণের জন্য নিদের্শনা প্রদান করায় এ বছর কোন ঝামেলা ছাড়াই সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি আরো জানান যে, ১ লাখ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নার্সারিতে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি ও তালের চারা উত্তোলন ও পরিচর্যার কাজ চলমান আছে।
কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, ভূমি মালিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও দলীয় নেত্ববৃন্দের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
