বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার শীর্ষ নেতৃত্ব মনোনয়ন সম্পন্ন হয়েছে। বুধবার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সদস্য সমাবেশে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উবাইদুল্লাহ হুসাইন সভাপতি হিসেবে নির্বাচিত হন।
পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে খালিদ ইবনে খলিলকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
সমাবেশ সঞ্চালনা করেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত উবাইদুল্লাহ হুসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

