বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়ায় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপি ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন এবং সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা প্রমুখ। এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণির কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, তিন দিনব্যাপি আয়োজিত এই প্রযুক্তি মেলায় মোট ৮টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে প্রতিকূল ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিতেও উন্নত ও আধুনিক চাষাবাদের বিভিন্ন মডেল, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্লাইমেট স্মার্ট’ প্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তা মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এর ফলে আগামী দিনের কৃষি ব্যবস্থা আরও আধুনিক, লাভজনক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।
