শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা সাড়ে এগারটায় প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপি এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়।
এরপর থেকে বিশ্বব্যাপি সাংবাদিকগণ এ দিবসটি পালন করে আসছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে শ্যামনগর রিপোটার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, রিপোটার্স ইউনিটি, সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আব্দুল কাদের, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আজ ২০২৬ সালে এসেও গণমাধ্যম কর্মীরা হুমকি, হামলা সহ হত্যার শিকার হন। অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হলেও এখনো সেই হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন হয়নি।
সেদিক থেকে বিবেচনা করলে অনেক বৈষম্যের শিকার সাংবাদিকরা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে সরকারে কাছে সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সহ সকল সাংবাদিক হত্যা মামলার বিচারকার্য সম্পন্নের দাবি জানান।
