বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় এক চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের বদরুজ্জামান।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপি বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, ১টি কম্বল, ১৩ কেজি জিরা, ৯৯ কেজি ফুসকা, ১৫ দশমিক ৫ কেজি কিসমিস, ১৫ প্যাকেট সনপাপড়ি, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রি, ৪৫টি আমের চাটনি, ৪ হাজার ১৮৭টি চকলেট এবং ২ হাজার ২১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Share.
Exit mobile version