বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি একঝালা গ্রামের মিজানুর রহমান ।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার একঝালা গ্রামের এক ব্যক্তি শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশনা দেন। পরে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি দল র‌্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে গত ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share.
Exit mobile version