বাংলার ভোর প্রতিবেদক :
আগামী মাঘী পূর্ণিমার আগেই টিআরএম (জোয়ারাধার) কার্যকর, আমডাঙ্গা খাল দ্রুত সংস্কারসহ চার দফা দাবিতে ভবদহ দিবস পালন করেছেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি। এ সব দাবিতে ভবদহ দিবস উপলক্ষে পদযাত্রা ও সমাবেশ করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। এ উপলক্ষে সোমবার বিকেল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমডাঙ্গা খালের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুল হামিদের সভাপতিত্ব বক্তব্য রাখেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও স্থায়ী সমাধান হয়নি।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ২০২৪ সালে আমডাঙা খালের সংস্কারের অর্থ বরাদ্দ হলেও এখনো আমডাঙ্গা খাল সংস্কারের কাজ শুরু হয়নি। এর জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতির কারণেই কাজ আটকে আছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত আমডাঙ্গা খাল প্রশস্ত ও পুনর্খননের পাশাপাশি ভবদহ অঞ্চলে টিআরএম চালুর দাবি জানান তিনি
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, অন্যতম নেতা অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, উপস্থিত ছিলেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য রাজু আহমেদ, আজিজুর রহমান ইকবাল গাজী মামুন সরদার আলমগীর উত্তম বিশ্বাস সঞ্জয় বৈরাগী প্রমুখ।
এর আগে ভবদহ দিবস উপলক্ষে অভয়নগর উপজেলার নওয়াপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি নওয়াপাড়ার বেঙ্গল গেটে গিয়ে শেষ হয়। এতে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি এলাকার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা ২০১৬ সালের ৫ অক্টোবরের হামলায় জড়িতদের দ্রুত বিচারসহ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
