শার্শা সংবাদদাতা
ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। বুধবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে ১৩ জন কিশোরী ও ৭ জন কিশোর রয়েছে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথে তারা তাদের অভিভাবকদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠায়।
সাজা শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার আবেদনের পর তাদের পশ্চিমবঙ্গের সাতটি শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
নোম্যান্সল্যান্ডে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমের উপস্থিতিতে বিজিবি, বিএসএফ ও পুলিশের সদস্যদের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন জানান, দেশে ফেরত আসা শিশুদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
