বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভেজাল মধু তৈরিকারী হিসেবে কুখ্যাত মাহাবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টায় শহরতলীর শেখহাটিতে মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন র‌্যাবে। অভিযানটি চলে দুপুর ৪টা পর্যন্ত। এ সময় ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়ায় মালিককে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, বুধবার দুপুরে শেখহাটির মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়া যায়। এছাড়া চারটি পণ্য উৎপাদনের নাম করে কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মোড়কজাত করা হচ্ছিল সেখানে। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে অন্য কোম্পানির বিভিন্ন পণ্যের মোড়ক পাওয়া যায়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারখানা মালিক মাহবুব ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া কারখানার মালিক ভেজাল মধু তৈরির বিষয়টি স্বীকার করেছেন।

আলোচিত ওই মধু কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি ও বাজারজাত করা হচ্ছে। ইতোপূর্বে বিশুদ্ধ খাদ্য আদালত দুই দফা সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় দুটি মামলাও দিয়েছিল। যার বিচার কাজ বিশুদ্ধ খাদ্য আদালতে চলমান রয়েছে।

Share.
Exit mobile version