বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর এলাকার মিম টাওয়ার সংলগ্ন স্থানে একটি পোষা বিড়ালকে লাথি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বিড়ালটির পালক ও সাংবাদিক এস এম তাজাম্মুল। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন সকালে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, কয়েক দিন আগে অভিযোগকারীর বাড়ির গেটের সামনে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের দোকানের ময়লা ফেলা এবং ক্রেতাদের সাইকেল রাখা নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল।

অভিযোগকারী এস এম তাজাম্মুল জানান, ৩০ জুন গভীর রাতে ব্রাজিলের ফুটবল ম্যাচ শেষে রফিকুল ইসলাম দোকান পরিষ্কার করছিলেন। এ সময় তার পোষা বিড়ালটি দোকানের সামনে গেলে রফিকুল ইসলাম ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে জোরে লাথি মারেন। এতে বিড়ালটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডারও সৃষ্টি হয়।

এস এম তাজাম্মুল বলেন, “দীর্ঘদিন ধরে লালন-পালন করা পোষা প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আচরণ আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রফিকুল ইসলাম। তিনি বলেন, “আমি বিড়ালটিকে লাথি মারিনি। এমন কোনো ঘটনাই ঘটেনি।” পরে আলাপচারিতার একপর্যায়ে তিনি বিড়ালটি মারা গেছে কি না জানতে চান।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করেননি। মণিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Exit mobile version