কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুরে এডিপির ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণে দলীয় প্রভাব খাটিয়ে সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বাইসাইকেল বরাদ্দকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম এক মাদ্রাসা শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া বাইসাইকেল নিজেই গ্রহণ করে তা তাঁর নাতনিকে উপহার দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বুধবার দুপুরে বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফেরত দেওয়া হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন ইসলামের নামে একটি বাইসাইকেল বরাদ্দ ছিল। তবে সাইমুনকে না দিয়ে মাওলানা তাজুল ইসলাম নিজেই মাস্টাররোলে স্বাক্ষর করে বাইসাইকেলটি গ্রহণ করেন এবং পরে সেটি তাঁর মেয়ের বাড়িতে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী সাইমুন ইসলাম জানায়, তার নামে বরাদ্দ হওয়া বাইসাইকেলটি প্রথমে তাকে দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর বুধবার বাইসাইকেলটি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুধু এই একটি ঘটনাই নয়, বরাদ্দকৃত বাইসাইকেল, সেলাই মেশিন ও স্প্রে মেশিনসহ বিভিন্ন উপকরণ বিএনপি ও জামায়াতের নেতাদের স্বজনদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকেই।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা তাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় সাইকেলটি তাঁর নাতনি মারিয়াকে দেওয়া হয়েছিল। এছাড়া সরকারি বরাদ্দের মালামাল বিএনপি ও জামায়াত দুই দলের নেতাদের মধ্যে ভাগাভাগি হয়েছে বলেও তিনি জানান।
এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছে। তবে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত দোসীদের বিরুদ্ধে আাইনগত ব্যবস্থা নেওয়ার দবি জানান তিনি।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী বলেন, বাইসাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। পরে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে বাইসাইকেলটি ফেরত নেওয়া হয়েছে। এটি প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, বাইসাইকেল ছাড়াও সেলাই মেশিন, ছাগল, স্প্রে মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণে অনিয়মে যে অভিযোগ উঠেছে, সেগুলোও তদন্ত করে দেখা হচ্ছে।
