মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাতে আলামপুর গ্রামে পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে আটক হন তিনি। আটক বিল্লাল হোসেন আলামপুর ৪নং কলোনীর সুরুজ মিয়ার ছেলে। এ ঘটনায় আটকসহ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বিদ্যুৎকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ওই প্রবাসীর স্ত্রী।

জানা গেছে, আলামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে তার (প্রবাসীর স্ত্রীর) নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন অজ্ঞাত ব্যক্তিরা। চাঁদা দিতে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

এ সময় প্রবাসীর স্ত্রী বিষয়টি জানালে আসামি ধরতে ফাঁদ পাতেন মহেশপুর থানা পুলিশ। এর অংশ হিসেবে চাঁদা দিতে রাজি হয়ে আসামিদের নম্বরে লাখ টাকার ভিডিও পাঠানো হয়।

সেই সঙ্গে আসামিদের বলা স্থানে টাকার ব্যাগ রাখা হয়। শনিবার রাতে ওই স্থানে টাকার ব্যাগ নিতে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পুলিশ ও এলাকাবাসী বিল্লাল হোসেনকে হাতেনাতে আটক করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ব্লাকমেইলের বিষয়টি জানার পরে ফাঁদ পেতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী মামলা করেছেন। অপর পলাতক আসামি বিদ্যুৎকে আটকের চেষ্টা চলছে।

Share.
Exit mobile version