মাগুরা সংবাদদাতা
পবিত্র রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে অস্থির হয়ে উঠেছিল মাগুরার বাজার। তবে বাজার মনিটরিং জোরদার হওয়ায় ৫ রমজানে এসে সবজির দাম অনেকটাই কমেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
সোমবার সকালে শহরের পুরাতন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, লাউ, কুমড়া, করলা, খিরা, ফুলকপি, পাতাকপি, লালশাক, ডাটা ও কাঁচা মরিচের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।
গত সপ্তাহে খিরার দাম ছিল ১০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কাঁচা মরিচ ২০০ টাকা থেকে নেমে এসেছে ১২০ টাকায়।
পেঁয়াজ ৬০ থেকে ৪০ টাকা, লাউ ৫০-৬০ টাকা থেকে ২৫-৩০ টাকায় এবং বেগুন ১০০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে লেবুর দাম তেমন কমেনি। প্রতি হালি লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন কম ও কিছু অসাধু মজুতদারির কারণে লেবুর দাম বেড়েছে।
রমজানের অন্যতম উপকরণ খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ১২০০ টাকার মধ্যে।
বাজারে আসা শিক্ষক সাকির সোহাগ বলেন, রমজানে অন্যান্য দেশে পণ্যের দাম কমানো হলেও আমাদের দেশে উল্টোটা দেখা যায়।
তবে প্রশাসনের বাজার মনিটরিংয়ের ফলে কয়েক দিনের ব্যবধানে দাম কমেছে, এতে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।
ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হয়েছিল। বর্তমানে পাইকারি দাম কমায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।
সাধারণ ক্রেতারা মনে করছেন, নিয়মিত বাজার মনিটরিং ও অতিরিক্ত দাম নিলে জরিমানার ব্যবস্থা থাকলে বাজার স্থিতিশীল থাকবে।

