মাগুরা সংবাদদাতা
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ডা. শামীম কবির, নিশাত আল নাহিয়ান, বাবলুর রহমান এবং মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; যথাযথ পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমে আক্রান্ত শিশুরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মী আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
