বাংলার ভোর প্রতিবেদক
মাগুরা ও যশোর জেলার তিন শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ পদক্ষেপ নেয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ।

সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ সংগঠনের আদর্শিক অবস্থান ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নোটিশে অভিযুক্তদের কঠোর নির্দেশ দিয়ে বলা হয়েছে, সংগঠনের নাম ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডের সুযোগ নেই।

কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর কাছে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শৃঙ্খলার প্রশ্নে যুবদল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে।

এ ব্যাপারে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, একটি অনলাইন মিডিয়ায় ইতোপূর্বে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সূত্র ধরে শোকজ করা হয়েছে। ওই সংবাদে প্রকাশিত অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

Share.
Exit mobile version