বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে এই আগুন লাগে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক আর্থিক ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. ..
আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। অন্য শেডও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনে তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গির আহমদ জানান, বৃহস্পতিবার বিকেলে আগুন ধরার সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছিনা। সব কাজ শেষে বলতে পারব।

