বাংলার ভোর প্রতিবেদক

২৫ মার্চ গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা করেছে যশোর জেলা প্রশাসন। জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর মিলনায়তনে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় সার্বিক আলোচনা এবং মন্ত্রণালয়ের নির্দেশক্রমে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ২৫ মার্চ গণহত্যায় জীবন দানকারীদের স্মরণে মোনাজাত এবং রাতে এক মিনিট ব্লাক আউট কর্মসূচি পালন ও কোন অবস্থায় আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেয়া হয়


এছাড়া ২৬ মার্চ দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা এবং একই স্থানে সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে প্রত্যেক স্কুল কলেজে ২৪ এবং ২৫ মার্চ তারিখে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, ভবঘুরে আশ্রয় কেন্দ্র, বৃদ্ধাশ্রম, এতিমখানাসহ সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে উন্নত মানের খাদ্য পরিবেশনের সিদ্ধান্ত নেয়া হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সকল জাদুঘর ও প্রদর্শনী কেন্দ্রগুলোতে বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা, সিনেমা হলগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনও সিদ্ধান্তের মধ্যে রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version