বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (রিফ্রেশার কোর্স) অনুষ্ঠিত হয়েছে।
আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (অমিত্রাক্ষর/সনেট)-এ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৮টি উপজেলার উপজেলা রিসোর্স টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি দুইটি ব্যাচে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশেক হাসান। তিনি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৭ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। আদালতের মামলার জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করে বলেন, তারা এই প্রশিক্ষণের মাধ্যমে আইন ও বিধিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করবেন। এছাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উন্নয়ন সমন্বয় সভায় গ্রাম আদালত বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন, সচেতনতামূলক লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ এবং জনবহুল স্থানে বিলবোর্ড স্থাপনের মাধ্যমে জনগণকে অবহিত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন এ্যাডভোকেট মহিতোষ কুমার রায়, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
প্রশিক্ষণে যশোর জেলার ৮টি উপজেলার মোট ৪৮ জন উপজেলা রিসোর্স টিমের সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান গ্রাম আদালত সক্রিয়করণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনিরামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. সম্রাট হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণে নির্ধারিত সূচি অনুযায়ী সেশন পরিচালনা করেন জেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ। তারা হলেন— উপপরিচালক, স্থানীয় সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, যশোর।

