বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হয়রানি, মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে যশোর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের পক্ষে জালাল হোসেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলোক মিত্র ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে আসছে। ডাকাতি ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা দিয়ে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, সি.এস. রেকর্ডভিত্তিক অর্পিত সম্পত্তি নিজেদের পক্ষে আনার জন্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে মামলা ও হয়রানি শুরু করে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৩০ মার্চ তারিখে নালিশি জমিতে পাতা কুড়ানোকে কেন্দ্র করে সামান্য বিরোধের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। পরবর্তীতে প্রতিপক্ষ সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উপস্থাপন করে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং রাতে বাড়িতে ঘুমাতেও ভয় পাচ্ছে। থানায় একাধিক অভিযোগ দিয়ে পুলিশি হয়রানির ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। সাধারণ নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। এ অবস্থায় তারা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, সোহরাফ হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

Share.
Exit mobile version