বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, রমজানের মধ্যেও এবার ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। নারীদের উৎসাহিত করতে সফল নারী উদ্যোক্তাদের গল্প সামনে আনা হয়েছে। তিনি বলেন, সরকার নারীদের উন্নয়ন ও অধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। প্রশাসন ও সরকার সবসময় নারীদের পাশে রয়েছে এবং তাদের এগিয়ে নিতে কাজ করছে।
তিনি আরও বলেন, অর্থনীতিতে নারীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাজে নারীরা সম্মানিত ব্যক্তি এবং কেউই ছোট নয়। তবে এখনো সমাজের কিছু মানুষের মানসিকতার কারণে নারীদের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করা হয়। এ মানসিকতা দ্রুত পরিবর্তন করা সহজ না হলেও ধীরে ধীরে তা বদলাতে হবে।
তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনের পর আমরা নতুন একটি দেশ পেয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, বর্তমান সময়েও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। যে ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, গড়ে প্রতি মাসে একজন করে শিশু নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমানে মানুষ আর জন্তুর মধ্যে পর্থক্য কম পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মন্ডল। প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ। এছাড়া আলোচনায় অংশ নেন নারী উদ্যোক্তা শামসুন্নাহার পান্না।
এ সময় পরিবেশবান্ধব কলম তৈরি করে ‘শুভ পরিবেশ বান্ধন কলম’ নামে উদ্যোগ গড়ে তোলা নাসিমা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেয়া হয়।
এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য প্রিয়াংকা রানী সুর, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য সুলতানা রাজিয়া, সফল জননী হিসেবে শ্যামলী রানী পাল, সংগ্রামে জয়ী নারী হিসেবে শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য সুষমা বেগমকে সম্মাননা জানানো হয়। শেষে কুইজে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে বই তুলে দেয়া হয়।
