বাংলার ভোর প্রতিবেদক

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ তৎপরতায় এক নারীর হারিয়ে যাওয়া স্বর্ণালংকার ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মালামাল ভুক্তভোগী জেসমিন নাহারের হাতে তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বিকেলে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের মেয়ে জেসমিন নাহার শহর থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে তার একটি গোলাপি রঙের ভ্যানিটি ব্যাগ হারিয়ে ফেলেন।

ব্যাগের ভেতরে ছিল ৫ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি আংটি, ৫ আনা ওজনের একটি চেইন, নগদ টাকা ও একটি সিমকার্ড।

ঘটনার পরপরই তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির প্রেক্ষিতে পুলিশ সুপার ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খানের নির্দেশনায় একটি তদন্ত দল গঠন করা হয়।

পরে, জেলা পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে সদর উপজেলার সাতমাইল এলাকা থেকে হারানো ভ্যানিটি ব্যাগ ও স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।

রোববার আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মালামাল জেসমিন নাহারের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া মূল্যবান অলংকার ফিরে পেয়ে জেসমিন নাহার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং যশোর জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Share.
Exit mobile version