বাংলার ভোর প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ব্যাটালিয়ন। আটক ব্যক্তি চৌগাছা উপজেলার হিজলী এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (৩৫)।
শনিবার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল ল্যান্ড পোর্ট আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি, ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়।
এছাড়া মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রি উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত এসব মাদক ও চোরাচালানী পণ্যের মোট মূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

