ইব্রাহিম ঈশান
যশোরের উপশহর এলাকায় ফেসবুকে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে চালানো এই অপপ্রচারের প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।
ডায়েরি সূত্রে জানা গেছে, ‘উপশহরের বার্তা’ ও ‘বিএনপি যশোর সদর উপজেলা’ নামক দুটি ফেসবুক আইডি ব্যবহার করে ৫নং উপশহর ইউনিয়নের অন্তত ৬-৭ জন বাসিন্দার নাম ও ছবি দিয়ে কুরুচিপূর্ণ এবং মানহানিকর পোস্ট করা হচ্ছে।
এমনকি ভুক্তভোগীদের মৃত স্বজনদের নাম জড়িয়েও অশালীন ও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৮ ও ৯ এপ্রিল পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন ২০-ই বেঙ্গল যশোর সেনানিবাসের অবসরকালীন ছুটিতে (এলপিআর) থাকা সাবেক সার্জেন্ট শফিকুল ইসলাম সুমন এবং উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রুবেল।
ভুক্তভোগীরা জানান, অজ্ঞাতনামা একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার কেবল ব্যক্তিগত মানহানিই নয়, বরং এলাকায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির একটি পরিকল্পিত অপচেষ্টা।
ভুক্তভোগী নাগরিকরা দ্রুত এই সাইবার অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
