বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটিতে সভাপতিত্ব করেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত। এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন), হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
দিবসটি উপলক্ষে বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত ব্যায়াম ও হাঁটা, লবণ, চিনি ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়া এবং বেশি করে শাকসবজি ও ফলমূল গ্রহণের পরামর্শ দেন।
এছাড়া রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ দুর্বলতার মতো সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
