বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলির বিরামপুর উত্তর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মসজিদের উন্নয়ন কাজের জন্য সংরক্ষিত প্রায় ২১ হাজার টাকার বেশি নগদ অর্থ ড্রয়ার ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, উন্নয়ন কার্যক্রমের জন্য সংগৃহীত অর্থ মসজিদের ভেতরে একটি কাঠের ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। গত পরশু দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে সব টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা ভেতরে ঢুকে ড্রয়ারের তালা ভাঙা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক চিহ্নিত মাদক কারবারি জামিনে মুক্তি পাওয়ার পর এলাকায় পুনরায় মাদক কারবার শুরু হয়েছে।

এর ফলে এলাকায় বহিরাগত ও অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় মাদক কারবার দমনে কঠোর পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে।

Share.
Exit mobile version