বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোলে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় তরিকুল ইসলাম নামে এক মাদক কারবারির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রোববার দুপুরে আসামির উপস্থিতিতে যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের বাসিন্দা।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ জানান, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে গোপন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তরিকুল ইসলামকে আটক করা হয়, তবে তার সহযোগী ইকবাল পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তরিকুলের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Share.
Exit mobile version