বাংলার ভোর প্রতিবেদক
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্বে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, ডেঙ্গু প্রতিরোধ, রাস্তা সংস্কার, সরকারি অফিস স্থানান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক আশেক হাসান সভায় বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আমাদের সকলের ভূমিকা থাকা প্রয়োজন। ডিজেলের অভাবে সেচ ব্যর্থ হচ্ছে কিনা তা খুঁজে দেখা হবে। এখন থেকে রেশনিং থাকবে না। প্রতিটি পাম্পের রেজিস্টার চেক করা হবে এবং তেল সরবরাহে সমস্যা থাকলে তা অনুসন্ধান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা পাম্পগুলো ভিজিট করবেন।

তিনি আরও বলেন, যশোর জেলার অভয়নগর এলাকায় গতবার ডেঙ্গুর প্রকোপ ৫৫ শতাংশ ছিল। বিশেষভাবে বাঘারপাড়ায় সতর্ক থাকতে হবে। মানুষদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। সরকারি অফিস যেগুলো ভাড়া বাড়িতে আছে, সেগুলোকে যশোর আইটি পার্কে স্থানান্তর করা হবে। রাস্তার কাজের সময় যথেষ্ট লোকবল দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে এবং ধুলা কমাতে পানি ছিটানো হবে।

সভায় সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে মানুষকে সচেতন করতে হবে। রোগী ৪৮ ঘণ্টার মধ্যে মারা যেতে পারে। জ্বর চলে যাওয়ার পাঁচ দিন পরও বেড রেস্ট নিশ্চিত করতে হবে। ভুয়া ডেন্টাল ডাক্তারদের কারণে সমস্যা বেড়েছে। তিনি সাপুড়ে ও কবিরাজদের সঙ্গে কর্মশালা করার প্রস্তাবও দেন। যাতে সাপ কাটা রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো যায়।

হাসপাতালেরতত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত জানান, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন এখনও আসেনি এবং ডেঙ্গুর চাপ তেমন প্রকোপ ধারণ করেনি। তবে স্যালাইন সংকট দেখা দিতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশারফ হোসেন বলেন, এই মৌসুমে জেলায় ৬৩ হাজার ডিজেল চালিত যন্ত্র চালু রয়েছে। আমরা ডিজেল ঠিকমতো পাচ্ছি না। পাম্পে নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে। ডিজেল না পেলে কৃষকরা চাষাবাদে ভোগান্তিতে পড়বেন।

সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, খুলনা-যশোর ও যশোর-ঝিনাইদহ সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। রাস্তা দ্রুত ওপেন করা হবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভাঙ্গা অংশে সংস্কার করা হবে।

ফায়ার সার্ভিস স্টেশন যশোর থেকে জানানো হয়, ঝুমঝুমপুরে ফায়ার স্টেশন নির্মাণের কাজ এগিয়ে চলেছে।

সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকন বলেন, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপদ চলাচল এবং ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য পত্রপত্রিকায় দিকনির্দেশনামূলক প্রচার করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা বিএনপির সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

Share.
Exit mobile version