বাংলার ভোর প্রতিবেদক

‘দুনিয়ার মজদুর এক হও’ এই স্লোগানকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল গোপন চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট যশোরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোরের সাধারণ সম্পাদক আবু হাসান।

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোরের সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু এবং ছাত্র ইউনিয়ন যশোরের সভাপতি রাশেদ খান প্রমুখ।

সমাবেশে বক্তারা ইরান ও ফিলিস্তিনের গাজায় মার্কিন-ইসরাইলি যৌথ বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশে কৃত্রিম যুদ্ধ ও অস্থিরতা তৈরি করছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিভিন্ন দেশে তাদের অনুগত ‘পুতুল সরকার’ বসিয়ে সম্পদ লুটপাটের পাঁয়তারা করছে।

বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, সরকার জনস্বার্থ বিসর্জন দিয়ে বিদেশের সাথে গোপন ও অসম চুক্তি করছে। বর্তমান অর্ন্তর্বতী সরকারের সমালোচনা করে তারা বলেন, ইউনূসের এনজিও সরকার নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল। তারা দেশপ্রেমের চেয়ে বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতেই বেশি ব্যস্ত। ফলে দেশের অর্থনৈতিক অবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

সমাবেশে অভিযোগ করা হয় যে, দেশে বর্তমানে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।

একদিকে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, অন্যদিকে জানমাল ও জাতীয় উন্নয়ন পুরোপুরি থমকে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং জাতীয় সম্পদ রক্ষায় সোচ্চার হওয়ার স্লোগান দেওয়া হয়।

Share.
Exit mobile version