বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে আবারও আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি শহরের কাজীপাড়ার বাসিন্দা নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই রাতেই শামীম কৌশলে ঘরে প্রবেশ করে এক জোড়া সোনার চেইন, এক জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি রুপার ব্রেসলেট, একটি রুপার আংটি এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল খোয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নুসরাত নাজনীন কোতোয়ালি থানা যশোরে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে শামীমকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে এক জোড়া সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৬ হাজার ৮৯৭ টাকা।

তিনি আরও জানান, শামীম একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।

Share.
Exit mobile version