বাংলার ভোর প্রতিবেদক :
যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে রোগীর স্বজনরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর চাঁচড়ায় অবস্থিত আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ইমরান হোসেন (২৮) পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া এলাকার শওকত হোসেনের ছেলে।
রোগীর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জ্বর, ঠান্ডা ও কাশির কারণে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহাত উল্লাহ তাকে ভর্তি করেন এবং পরপর তিনটি ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে কিছু সময়ের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন।
অন্যদিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীকে প্রাথমিকভাবে গ্যাস ও বমির চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি দাবি করেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

