বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএ’র উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসাসামগ্রী সঠিকভাবে ও সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন, বিতরণ করা সামগ্রী যেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যথাযথভাবে পান এবং এসব সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বিনামূল্যে সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়। চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
হিউম্যান আপিল ইউএসএ’র এ উদ্যোগের মাধ্যমে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসামগ্রীর চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা প্রায় ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী যথাযথভাবে বিতরণ এবং প্রকৃত রোগীদের কাছে পৌঁছে দেয়ার বিষয়টিই এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।
