বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও কল্যাণসংক্রান্ত বিষয় উপস্থাপন করেন।
পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সব পদমর্যাদার সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সুবিধা-অসুবিধার বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।

সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া যশোর জেলা পুলিশে কর্মরত একজন সদস্যকে অবসরজনিত কারণে (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা, পুলিশ হাসপাতালের চিকিৎসক, রিজার্ভ অফিস পুলিশ লাইন্সের কর্মকর্তারা, ডিআইও-১, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Share.
Exit mobile version