বাংলার ভোর প্রতিবেদক
জমি দখল, প্রাণনাশের হুমকি এবং চলমান আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলেছেন সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান।
বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, ঝিকরগাছা উপজেলার ৭ নং নাভারন ইউনিয়নের নাভারন মৌজায় মাতুল সূত্রে প্রাপ্ত ২৬ শতক জমিতে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বসতবাড়ি ও রাইস মিল রয়েছে। তিনি দাবি করেন, জমির সব খাজনা ২০২৬ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন।
অভিযোগ, প্রতিবেশী শওকত আলী জমি কেনার পর থেকেই ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেন। বিষয়টি একাধিকবার সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি। পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিকরগাছা সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা এবং সংশ্লিষ্ট জমি নিয়ে ১৪৪ ধারার মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন। আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি আমিন দিয়ে জমি মাপজোকেরও নির্দেশনা দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ৩ জুলাই সরকারি ছুটির দিনে প্রতিপক্ষ লোকজন নিয়ে জোরপূর্বক তাদের জমির প্রায় ৭ ফুট অংশ দখল করে সেখানে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জমি নিয়ে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে তিনি কোনো সংঘাত চান না; আইনের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান এবং নিজেদের জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ চান।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

