বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর জেলার যশোর সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
এ সময় ভোটের পূর্ববর্তী দিনের দায়িত্ব, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, প্রিজাইডিং অফিসারগণ, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
