বাংলার ভোর প্রতিবেদক
যাদু-টোনা ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রতিবন্ধী ব্যক্তি। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজ হোসেন। তিনি নিজেকে একজন প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে অসুস্থ বলে দাবি করেন। তিনি বলেন, যশোর জেলার মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে তার ওপর এবং তার পরিবারের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, তার স্ত্রী, শ্যালক-শ্যালিকা, আত্মীয়স্বজন ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি যোগসাজশে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। বিভিন্ন অজুহাতে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, তার একমাত্র পুত্র মিঠুন ফিরোজ বর্তমানে ঢাকার তিতুমীর কলেজে বিএ অধ্যয়নরত। তাকেও একইভাবে হুমকি ও নির্যাতনের শিকার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি ও আত্মীয়স্বজন যাদু-টোনা ও কুসংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ভয় দেখাচ্ছে। এলাকার মানুষ ভয়ের কারণে তাদের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দেশবাসী ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

লিখিত বক্তব্যে তিনি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে যোগসাজশ ও নির্যাতনের অভিযোগ তোলেন।

Share.
Exit mobile version