শ্যামনগর সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত পুকুর দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মোহাম্মদ আলী গাজী, তার ছেলে মেহেদী হাসানসহ কয়েকজন ব্যক্তি মসজিদের নামে রেকর্ডভুক্ত পুকুরটি দখলের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। তারা মিথ্যা মামলা, মারধরের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করা হয়।
বক্তারা জানান, ১০৮ নম্বর দাগের ১৬ শতক জমির ওপর অবস্থিত পুকুরটির মালিকানা ও রেকর্ড মসজিদের নামে রয়েছে।
দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি পুকুরটি ভোগদখল করে আসছে এবং এর আয় মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে। সম্প্রতি পুকুরটি দখলের চেষ্টা শুরু হওয়ায় মসজিদ কমিটির পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি জিডি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মসজিদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ভূমিদাতা সামছুর রহমান মফু, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বারসহ স্থানীয় মুসল্লিরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী গাজী ও মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
