বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইমরান হোসেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সাতক্ষীরা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে যশোরের দিকে আসছে। পরে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, মোটরসাইকেলে করে আসা ইমরান হোসেনকে সন্দেহ হলে তার মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
