সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযানে দু’টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। আটক নারী সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের শিউলী আক্তার (২৩)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় তারা খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহজনক গতিবিধির কারণে শিউলী আক্তারকে থামানো হয়। পরবর্তীতে মহিলা বিজিবি সদস্যদের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হলে তার কাছে লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার উদ্ধার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ দশমিক ৪০গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

এ ঘটনায় আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Exit mobile version