সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদেরদৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় কলেজের সামনে শহরের সুলতানপুর বড় বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ ময়নুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা, ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবুসহ অন্যান্যরা।

বক্তারা এ সময় কলেজ অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সাথে তারা এঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১ এপ্রিল বিকেলে সাতক্ষীরা সদরের ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল, ইসমাইলসহ কয়েকজন সন্ত্রাসী স্টাইলে কলেজ অধ্যক্ষ সফিকুজ্জামানের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করাসহ বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।

Share.
Exit mobile version