বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে স্ত্রী, শ্যালক, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা এবং চুরির অভিযোগ এনে আদালতে নালিশি মামলা করেছেন এক ব্যক্তি।

মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নলডাঙ্গা গ্রামের নাজমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন নলডাঙ্গা গ্রামের বাবু (৩০), তার বাবা মুনতাজ (৫৩), মা রেহেনা বেগম (৪৮) এবং বাবুর বোন ও বাদীর স্ত্রী রিজিয়া বেগম (২০)।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে রিজিয়া বেগমের সঙ্গে নাজমুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির সদস্যরা তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে আসামিরা নাজমুল হাসানের বাড়িতে গিয়ে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে হত্যার চেষ্টা করেন। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বাবা-মাকেও মারধর করা হয়। পরে আহত নাজমুল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে গত ২৯ মে আসামিরা পুনরায় তার বাড়িতে এসে নগদ ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের বালা এবং একটি স্বর্ণের আংটি নিয়ে যান।

বাদীর অভিযোগ, গত ১৭ জুন তার স্ত্রী ফোন করে জানান, তিনি আর সংসার করবেন না। একই সঙ্গে তিনি জানান, তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলেছেন।

পরে খোঁজ নিয়ে নাজমুল হাসান জানতে পারেন, তার স্ত্রীর ১৪ সপ্তাহের গর্ভের ভ্রুণ নষ্ট করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও মামলা গ্রহণ না করায় তিনি আদালতের স্মরণাপন্ন হন।

Share.
Exit mobile version