বাংলার ভোর প্রতিবেদক ;
নড়াইলের কালিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৬।

রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৬, যশোর এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিশান থান্দার (৫০), বায়েজিদ থান্দার (৩০) ও তোকা থান্দার (২৫)। তারা নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১৯ মে কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন থান্দারকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তারা।

মামলার অভিযোগ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা ভুক্তভোগীকে চলাচলে বাধা প্রদান এবং জমি দখলের চেষ্টা করে। একপর্যায়ে তারা রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহাবুদ্দিন থান্দারের বাড়িতে প্রবেশ করে তার মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে শাহাবুদ্দিন থান্দারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version