বাংলার ভোর প্রতিবেদক :
দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক ও ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সহসভাপতি হারুন অর রশিদের জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, মিষ্টিমুখ ও আন্তরিক আড্ডার আয়োজন করা হয়েছে। বুধবার রাত ৯টায় দৈনিক বাংলার ভোরের কার্যালয়ে পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে দিনভর বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সকালে ভোরের সাথী, হাঁটাসাথী, গোলচত্বর, সেগুনতলা ও বকুলতলা সাথীদের উদ্যোগে জন্মদিন উদযাপন করা হয়। পরে জেসিএফ সিনিয়র সিটিজেন কর্নার, সংগীত সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় হারুন অর রশিদের সঙ্গে দীর্ঘক্ষণ আন্তরিক আড্ডা ও মতবিনিময় হয়। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা লড়াই-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন।
পাশাপাশি উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন।
শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিরা বলেন, হারুন অর রশিদ এমন একজন মানুষ, যিনি বয়সের ভার উপেক্ষা করেও মানুষের বিপদে-আপদে ছুটে যান। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, ধর্ম-বর্ণ ও মতাদর্শের পার্থক্য অতিক্রম করে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা এবং মানবিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাওয়া তাঁর জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
তারা আরও বলেন, সাম্রাজ্যবাদবিরোধী ও কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন মত ও ধারার মানুষের সঙ্গে হারুন অর রশিদের আন্তরিক সম্পর্ক এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়।
তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রামী জীবন ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মকে অধিকার আদায়ের লড়াইয়ে অনুপ্রাণিত করবে।
