বাংলার ভোর প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৯ জন চিকিৎসাধীন থাকলেও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মণিরামপুর ও শার্শা উপজেলায় কোনো রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন সুস্থ হয়েছেন। এ সময়ে কাউকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

